ডাকাতি করতে গিয়ে মিল মালিককে হত্যা, দুজন গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
ডাকাতি করতে গিয়ে মিল মালিককে হত্যা, দুজন গ্রেপ্তার
গ্রেপ্তার দুজন। ছবি : এশিয়া পোস্ট

বগুড়ার শিবগঞ্জে রাইস মিলের মালিক মোহাম্মদ আলী সরকারকে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা ও ট্রান্সফরমার লুটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার পুটখোর গ্রামের শফিকুল ইসলাম (৪৩) ও একই উপজেলার কাঠগড়া গ্রামের আব্দুল আলিম (৪০)। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই রাতে বাড়ি থেকে রাতের খাবার খেয়ে নিজের রাইস মিলে পাহারা দিতে যান মোহাম্মদ আলী সরকার। গভীর রাতে পাঁচ থেকে ছয়জনের একটি সশস্ত্র ডাকাত দল মিলে ঢুকে ট্রান্সফরমার চুরির চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে মোহাম্মদ আলী বাধা দিলে ডাকাতেরা তার হাত-পা বেঁধে ফেলে। পরে মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে নৃশংসভাবে হত্যা করে। পালিয়ে যাওয়ার সময় মিল থেকে তিনটি ট্রান্সফরমার লুট করে নিয়ে যায় তারা।

পরদিন সকালে স্থানীয় লোকজন মিলের ভেতরে তার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি হত্যা ও ডাকাতির মামলা দায়ের করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পৃথক অভিযানে এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য চক্রের সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

তিনি আরও বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বিষয় :বগুড়া