মুম্বাইয়ে শাহরুখের বাড়ির নির্মাণকাজে আর বাধা নেই

বলিউড সুপারস্টার শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’-এ নতুন করে দুটি তলা (৭ম ও ৮ম তলা) বাড়ানোর অনুমতি আগেই দিয়েছিল পরিবেশ দপ্তর। এই অনুমতির বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন একজন পরিবেশকর্মী। তবে ভারতের সুপ্রিম কোর্ট সেই মামলা বাতিল করে দিয়েছেন।
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, যিনি মামলাটি করেছেন তার উদ্দেশ্য ভালো নয় বলে আদালতের সন্দেহ রয়েছে। আর সন্দেহ থাকলে আদালত এমন মামলা গ্রহণ করবেন না।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সন্তোষ দৌন্দকর নামক একজন পরিবেশকর্মী অভিযোগ করেছিলেন যে, নিয়ম ভেঙে শাহরুখ খানকে এই দুটি তলা বানানোর সুযোগ দেওয়া হয়েছে। তার দাবি ছিল, সমুদ্রতীরের এই এলাকায় ৫ কোটি টাকার বেশি খরচে কোনো কিছু বানাতে হলে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতি লাগে, যা শাহরুখ খান নেননি। এমনকি নির্মাণকাজের জন্য দুটি পুরনো ঐতিহ্যবাহী স্থাপনা ভেঙে ফেলা হয়েছে বলেও তিনি দাবি করেন।
আদালত এই অভিযোগগুলো নাকচ করে দিয়েছেন এবং মামলাটি পুনরায় পরিবেশ আদালতে পাঠাতেও অস্বীকৃতি জানিয়েছেন। আগের নিয়ম অনুযায়ী, ‘মান্নাত’-এ বেসমেন্ট ও ছয়টি তলা ছিল। নতুন ছাড়পত্র পাওয়ায় এখন এটি বেসমেন্টসহ আট তলা পর্যন্ত উঁচু করা যাবে, যার উচ্চতা হবে প্রায় ৩৭ মিটার। আদালতের এই রায়ের ফলে শাহরুখ খানের বাড়িটি আরও উঁচু করতে আর কোনো আইনি বাধা রইল না।




