অপরিকল্পিত উন্নয়নের কারণেই দেশজুড়ে ভয়াবহ বন্যা ও প্রাণহানি: রিজভী

এশিয়া পোস্ট প্রতিবেদক
অপরিকল্পিত উন্নয়নের কারণেই দেশজুড়ে ভয়াবহ বন্যা ও প্রাণহানি: রিজভী
রিজভী ২

বিগত আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে এবং ব্যাপক প্রাণহানি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে যাতায়াতের সুবিধার্থে হাওরের বুক চিরে মাঝখান দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছিল। এই অপরিকল্পিত সড়কের কারণে হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে এবং সামগ্রিক প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি দাবি করেন, কোনো ধরনের পরিবেশগত সমীক্ষা না করে স্রেফ রাজনৈতিক বিবেচনায় এবং দলীয় নেতাকর্মীদের ঠিকাদারি সুবিধা দিতেই বিগত ফ্যাসিস্ট সরকার এ ধরনের পরিবেশবিধ্বংসী প্রকল্প বাস্তবায়ন করেছিল।

শেখ হাসিনা সরকারের তীব্র সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, একটি বিশেষ দেশকে খুশি করার উদ্দেশ্যে সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছিল। এর ফলে বিশ্বের অন্যতম ঐতিহ্য সুন্দরবনসংলগ্ন পরিবেশ, জলবায়ু ও জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, সাবেক রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি দেশজুড়ে রাষ্ট্রীয় ও দলীয়ভাবে শোক পালন করছে। শোকের অংশ হিসেবে সারা দেশে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন। এ ছাড়া বিএনপি কার্যালয়গুলোতে দলীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

দেশের বর্তমান বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে দেশের এই সংকটময় মুহূর্তে দুর্গতদের সাহায্যে এগিয়ে আসতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও ও অঙ্গসহযোগী সংগঠনের প্রতি জোরালো আহ্বান জানান।