গণভোটের দাবি অস্বীকার করা মানে জনরায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: শিবির সভাপতি

এশিয়া পোস্ট প্রতিবেদক
গণভোটের দাবি অস্বীকার করা মানে জনরায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: শিবির সভাপতি
শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। ছবি: সংগৃহীত

গণভোটকে অস্বীকার করা জনগণের ম্যান্ডেটের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, একটি দেশের মৌলিক পরিবর্তন বা সাংবিধানিক সংস্কারের জন্য জনগণের সরাসরি মতামত বা গণভোটের কোনো বিকল্প নেই।

সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক আয়োজন 'আলাপন' অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, এখন দেখা যাচ্ছে বড় কিছু রাজনৈতিক দল গণভোট আয়োজন করতে ভয় পাচ্ছে।

তিনি বলেন, বিএনপির টোটাল রাজনীতিই গণভোটের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। ১৯৭৭ সালে জিয়াউর রহমান গণভোটের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছিলেন। ১৯৯০ সালেও তারা গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ সেই দলই কেন গণভোটকে এড়িয়ে চলছে, সেটি একটি বড় প্রশ্ন।

তিনি আরও বলেন, বর্তমান জেনারেশন রাষ্ট্র মেরামতের প্রশ্নে অনেক বেশি সচেতন এবং কোনো আপস করতে রাজি নয়। গণভোটের মাধ্যমে জনগণ যদি সংস্কারের পক্ষে রায় দেয়, তবেই দেশে একটি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। জনগণের রায়কে তুচ্ছতাচ্ছিল্য করে বা জনগণকে বোকা মনে করে ক্ষমতা দখলের চেষ্টা করলে তা হিতে বিপরীত হতে পারে বলেও তিনি বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, ছাত্রশিবির ইতোমধ্যেই গণভোটের দাবিতে সারা দেশে কর্মসূচি শুরু করেছে। কেন্দ্রীয় সংসদের নির্দেশনার আগেই ছাত্রশিবির রাজপথে নেমেছে, কারণ তারা জনআকাঙ্ক্ষা বোঝে।

তিনি বলেন, জামায়াতের কর্মসূচির আগ থেকেই ছাত্রশিবিরের কর্মীরা লিফলেট বিতরণ ও সমাবেশ করছে। এই লড়াই কোনো দলের নয়, এটি প্রতিটি নাগরিকের অধিকারের লড়াই।