গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না নেইমার

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে হবে সান্তোসকে। ব্রাজিলিয়ান সিরি আ'র ২২তম রাউন্ডে অ্যাথলেটিকো-পারানায়েন্সের বিপক্ষে ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না এই ফরোয়ার্ড।
শনিবার (২৬ জুলাই) ভিলা বেলমিরো স্টেডিয়ামে শাপেকোয়েন্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে মৌসুমের তৃতীয় হলুদ কার্ড দেখেন নেইমার। ফলে নিয়ম অনুযায়ী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।
আগামী ৯ আগস্ট বাংলাদেশ সময় রাত ৩টা ৩০ মিনিটে (ব্রাজিল সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট) ভিলা বেলমিরোতে অ্যাথলেটিকো-পারানায়েন্সের বিপক্ষে ম্যাচে তাকে পাবে না সান্তোস।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ৩০তম মিনিটে ব্রুনো তুবারাওয়ের ফাউলের শিকার হন নেইমার। এরপর তিনি রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন এবং উত্তেজনার মধ্যে প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে ধাক্কা দেন। এ ঘটনায় রেফারি তাকে হলুদ কার্ড দেখান।
বিশ্বকাপ শেষে এটি ছিল সান্তোসের জার্সিতে নেইমারের প্রথম ম্যাচ। ব্রাজিলের বিদায়ের পর কয়েক দিনের ছুটি কাটিয়ে গত ১৭ জুলাই অনুশীলনে ফেরেন তিনি।
তবে আপাতত সান্তোসের প্রধান লক্ষ্য কোপা সুদামেরিকানার শেষ ষোলোর প্লে-অফ। আগামী মঙ্গলবার ভিলা বেলমিরোতে ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে দলটি। প্রথম লেগে ৪-১ গোলের বড় জয় পাওয়ায় শেষ ষোলোর পথে অনেকটাই এগিয়ে রয়েছে সান্তোস।
.png)





