টানা বৃষ্টি চলবে আর কত দিন

মৌসুমি বায়ুর প্রভাবে গত তিন দিন ধরেই বাংলাদেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে নদ-নদীর পানি বেড়ে অনেক জায়গায় আকস্মিক বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে, ঘটেছে পাহাড়ধসের ঘটনাও।
চট্টগ্রাম ও পার্বত্য তিন জেলাসহ দেশের কয়েকটি জেলায় টানা ভারী বৃষ্টি এবং নদ-নদীর পানি প্লাবিত হয়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে বলেও জানা গেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালেও ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের বেশির ভাগ জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
আবহাওয়া অফিসের সবশেষ পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বেশির ভাগ জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়েছে। এই সময়ে চট্টগ্রামের আমবাগান স্টেশনে সব থেকে বেশি বৃষ্টিপাত ৩২৯ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।
এ ছাড়া কুতুবদিয়ায় ৩০০ মিলিমিটার, চট্টগ্রামে ২৪৯ মিলিমিটার, বান্দরবানে ২৩৫ মিলিমিটার, রাঙামাটিতে ১৩০ মিলিমিটার, তেতুঁলিয়ায় ১২২ মিলিমিটার, গোপালগঞ্জে ১৪২ মিলিমিটার, কক্সবাজারে ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এখনও বহাল রাখা হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশের ওপর এখনো মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে বাংলাদেশের বিভিন্ন স্থানে আরও অন্তত দুই দিন টানা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সবশেষ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারও ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের অন্তত ছয়টি বিভাগে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
তবে পরবর্তী পাঁচ দিনের বর্ধিত আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।




