Advertisement

১১ দিনে টেকনাফে ৫ মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
১১ দিনে টেকনাফে ৫ মরদেহ উদ্ধার
শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী। ছবি : সংগৃহীত

টানা ১১ দিনে কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও উপকূলীয় এলাকা থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে তিন নারীর মরদেহ ও একটি মানবকঙ্কাল উদ্ধার করা হয়।

সর্বশেষ রোববার (১৯ জুলাই) শাহপরীর দ্বীপে নাফ নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় পানিতে থাকায় মরদারা বিকৃত হয়ে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত যুবকের পরনে গাঢ় নীল রঙের হাফ প্যান্ট ও হালকা সবুজ রঙের জার্সি ছিল। মুখে হালকা দাড়ি-গোঁফ থাকা ওই যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ৩০ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকায় মরদেহের ত্বকের রং বদলে গেলেও প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের ধারণা, সম্প্রতি সমুদ্রপথে মালয়েশিয়াগামী দুটি ট্রলার মিয়ানমার উপকূলে ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তিনি একজন হতে পারেন। অথবা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী পাড়ি দিয়ে শাহপরীর দ্বীপে আসার পথে বদরমোকাম চ্যানেলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের কেউ হতে পারেন। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য মেলেনি।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, সকালে নাফ নদীর তীরে একটি মরদেহ ভেসে আসার খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সনজীব জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃত ব্যক্তি বাঙালি নাকি রোহিঙ্গা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

এদিকে স্থানীয়দের দাবি, গত কয়েক দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। ফলে সমুদ্র ও নাফ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে আরও মরদেহ ভেসে আসার আশঙ্কা করছেন তারা।

এর আগে, গত ৮ জুলাই টেকনাফের শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন ও রাজারছড়া সৈকত থেকে অজ্ঞাতপরিচয় তিন নারীর মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। পরবর্তীতে ১০ জুলাই শাহপরীর দ্বীপসংলগ্ন সৈকত থেকে আরও একটি মানবকঙ্কাল উদ্ধার করা হয়।