স্পেনে ৮০০ বছরের মুসলিম শাসনের পতন ঘটে যেভাবে

মানবসভ্যতার ইতিহাসে এমন কিছু অধ্যায় রয়েছে, যা যুগ যুগ ধরে মানুষকে বিস্মিত করে। মুসলমানদের স্পেন বিজয় এবং আট শতাব্দী ধরে গড়ে ওঠা আন্দালুসের সভ্যতা তেমনই এক গৌরবোজ্জ্বল অধ্যায়। একসময় যে ইউরোপ অজ্ঞতা, কুসংস্কার ও রাজনৈতিক অস্থিরতায় নিমজ্জিত ছিল, সেই ইউরোপের বুকে মুসলমানরা জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য ও ন্যায়বিচারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। কর্ডোভা, সেভিল ও গ্রানাডার মতো নগরীগুলো পরিণত হয়েছিল বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানকেন্দ্রে।
কিন্তু ইতিহাসের নির্মম পরিণতিতে সেই গৌরবময় শাসনের অবসান ঘটে একদিন। মুসলমানদের অভ্যন্তরীণ বিভক্তি এবং খ্রিষ্টান রাজ্যগুলোর সম্মিলিত আক্রমণে ১৪৯২ সালে আন্দালুসের শেষ মুসলিম রাজ্য গ্রানাডার পতনের মধ্য দিয়ে স্পেনে মুসলিম শাসনের সমাপ্তি ঘটে। তবুও ইতিহাসের পাতা থেকে আন্দালুস মুছে যায়নি। আজও স্পেনের অলিগলি, প্রাসাদ, মসজিদ, স্থাপত্য ও সংস্কৃতিতে ইসলামের উজ্জ্বল ছাপ বিদ্যমান।
মুসলমানদের স্পেন বিজয়
৭১১ খ্রিষ্টাব্দে উত্তর আফ্রিকার গভর্নর মুসা ইবনে নুসাইর (রহ.)-এর নির্দেশে বীর সেনাপতি তারিক ইবনে জিয়াদ (রহ.) প্রায় বারো হাজার সৈন্য নিয়ে জিব্রাল্টার প্রণালি অতিক্রম করেন। যে পাহাড়ে তিনি প্রথম অবতরণ করেন, সেটিই পরে তার নামানুসারে ‘জাবালে তারিক’ (Gibraltar) নামে পরিচিত হয়। অল্পসংখ্যক সৈন্য নিয়ে তিনি ভিসিগথ রাজা রডেরিকের বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন এবং আল্লাহর সাহায্যে বিজয় অর্জন করেন।
এই বিজয়ের পর মুসলিম বাহিনী দ্রুত কর্ডোভা, টলেডো, সেভিলসহ স্পেনের অধিকাংশ অঞ্চল জয় করেন। পরবর্তীতে মুসা ইবনে নুসাইর (রহ.) নিজেও অতিরিক্ত বাহিনী নিয়ে এসে বিজয়কে সুসংহত করেন। মাত্র কয়েক বছরের মধ্যে আইবেরীয় উপদ্বীপের বৃহৎ অংশ মুসলিম শাসনের আওতায় আসে। এভাবেই প্রতিষ্ঠিত হয় ‘আন্দালুস’, যা পরবর্তী আট শতাব্দী ধরে ইসলামি সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে।
আন্দালুসে জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণযুগ
মুসলিম শাসনের সবচেয়ে বড় সাফল্য ছিল জ্ঞান ও সভ্যতার বিকাশ। কর্ডোভা তখন বিশ্বের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ নগরীতে পরিণত হয়। সেখানে শত শত গ্রন্থাগার, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠিত হয়। কর্ডোভার রাজকীয় গ্রন্থাগারে সে সময়ই লক্ষাধিক পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল, যখন ইউরোপের বড় বড় গ্রন্থাগারেও হাতে গোনা কয়েকশ বই থাকত।
চিকিৎসাবিজ্ঞানে আবুল কাসিম জাহরাভি (আলবুকাসিস) অস্ত্রোপচারের নতুন দিগন্ত উন্মোচন করেন। দর্শনে ইবনে রুশদ, ভূগোলে আল-ইদরিসি এবং কৃষি ও প্রকৌশলেও মুসলিম মনীষীরা অসাধারণ অবদান রাখেন। গণিত, জ্যোতির্বিজ্ঞান ও রসায়নের বহু আরবি গ্রন্থ লাতিন ভাষায় অনূদিত হয়ে ইউরোপে পৌঁছায় এবং পরবর্তী রেনেসাঁর ভিত্তি গড়ে দেয়। ইউরোপীয় নবজাগরণের পেছনে আন্দালুসের জ্ঞানচর্চা ছিল অন্যতম প্রধান অনুপ্রেরণা।
উন্নত প্রশাসনের অনন্য দৃষ্টান্ত
আন্দালুসে মুসলমানরা শুধু বিজয়ী শাসক ছিলেন না, ছিলেন দক্ষ প্রশাসকও। মুসলিম শাসনের অধীনে মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিরা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করত। অমুসলিমদের ধর্মীয় উপাসনার সুযোগ ছিল এবং তারা প্রশাসন, চিকিৎসা ও ব্যাবসাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।
মুসলমানরা কৃষিক্ষেত্রে সেচব্যবস্থার উন্নতি ঘটান, নতুন ফসলের চাষ শুরু করেন এবং নগর পরিকল্পনায় যুগান্তকারী পরিবর্তন আনেন। পাকা রাস্তা, আলোকসজ্জা, গণ-স্নানাগার এবং উন্নত পয়োনিষ্কাশন ব্যবস্থা তখনকার ইউরোপে ছিল বিরল। এসব উন্নয়ন আন্দালুসকে শুধু রাজনৈতিকভাবে শক্তিশালী নয়, একটি আদর্শ সভ্যতায় পরিণত করেছিল।
কেন পতন ঘটল মুসলমানদের
মুসলমানদের পতনের অন্যতম কারণ ছিল অভ্যন্তরীণ বিভক্তি। কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়লে আন্দালুস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে যায়, যেগুলো ‘তায়েফা রাজ্য’ নামে পরিচিত। পারস্পরিক সংঘাত ও ক্ষমতার লড়াই মুসলিম শক্তিকে দুর্বল করে তোলে।
অন্যদিকে উত্তর স্পেনের খ্রিষ্টান রাজ্যগুলো ধীরে ধীরে ঐক্যবদ্ধ হয়ে ‘রিকনকুইস্তা’ বা পুনর্দখল অভিযান শুরু করে। দীর্ঘ যুদ্ধের পর ১৪৯২ সালে গ্রানাডার শেষ মুসলিম শাসক আবু আবদুল্লাহ (বোয়াবদিল) আত্মসমর্পণ করেন। এর মাধ্যমে প্রায় আট শতকের মুসলিম শাসনের অবসান ঘটে। বাহ্যিক শত্রুর চেয়ে অভ্যন্তরীণ বিভক্তিই যে একটি শক্তিশালী জাতির পতনের প্রধান কারণ হয়ে দাঁড়ায়, আন্দালুসের পতন তার নির্মম দৃষ্টান্ত।

পতনের পর মুসলমানদের করুণ পরিণতি
গ্রানাডা পতনের পর মুসলমানদের জন্য শুরু হয় দুঃসহ সময়। ধীরে ধীরে মুসলমানদের ইসলাম পালন, আরবি ভাষা ব্যবহার এবং ইসলামি পোশাক পরিধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অনেককে জোরপূর্বক খ্রিষ্টধর্ম গ্রহণে বাধ্য করা হয়।
স্পেনীয় ইনকুইজিশনের সময় অসংখ্য মুসলমান নির্যাতনের শিকার হন। অনেক মসজিদ গির্জায় রূপান্তরিত হয়, বহু গ্রন্থাগার ধ্বংস করা হয় এবং অমূল্য আরবি পাণ্ডুলিপি আগুনে পুড়িয়ে ফেলা হয়। অবশেষে সপ্তদশ শতাব্দীর শুরুতে লক্ষাধিক মুসলমানকে স্পেন থেকে নির্বাসিত করা হয়। এর ফলে আন্দালুসে মুসলমানদের শতাব্দীপ্রাচীন উপস্থিতি প্রায় বিলুপ্ত হয়ে যায়।
স্পেনে মুসলমানদের বর্তমান অবস্থা
ইতিহাসের দীর্ঘ ব্যবধানের পর আজ আবার স্পেনে মুসলমানদের সংখ্যা বাড়ছে। বর্তমানে স্পেনে (২০২৪ খ্রিষ্টাব্দের হিসাব অনুযায়ী) আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ মুসলমান বসবাস করেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৫ থেকে ৬ শতাংশ। তাদের অধিকাংশই মরক্কো, পাকিস্তান, আলজেরিয়া, সেনেগালসহ বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসী। একই সঙ্গে ইসলাম গ্রহণকারী স্প্যানিশ নাগরিকের সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
বর্তমান স্পেনে শত শত মসজিদ এবং ইসলামিক সেন্টার রয়েছে। মুসলমানরা শিক্ষা, ব্যবসা, চিকিৎসা, ক্রীড়া ও বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে চ্যালেঞ্জমুক্ত নয়। ইসলামোফোবিয়া, সামাজিক বৈষম্য, কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং ধর্মীয় পরিচয় নিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয় অনেক মুসলমানকে। তবুও সাংবিধানিকভাবে ধর্মীয় স্বাধীনতা থাকায় মুসলমানরা আগের তুলনায় অনেক বেশি সংগঠিতভাবে ধর্মীয় জীবনযাপন পালন করতে পারছেন।
.png)





