logo

আলজাজিরার বিশ্লেষণ/যুক্তরাষ্ট্র ও চীনের গুপ্তচরবৃত্তির দ্বন্দ্বের কেন্দ্রে কেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং?

যুক্তরাষ্ট্র ও চীনের গুপ্তচরবৃত্তির দ্বন্দ্বের কেন্দ্রে কেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং?
এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং। ছবি: এএফপি

প্রেমের সম্পর্কের সুযোগে চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন এক নারী ব্যবসায়ী। আর সেই সম্পর্কের জালে জড়িয়ে এখন নানা প্রশ্নের মুখে পড়েছেন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং।

তিন দশকেরও বেশি সময় আগে জেনসেন হুয়াংয়ের হাত ধরে প্রতিষ্ঠিত এনভিডিয়া বর্তমানে অ্যাপলের পর বিশ্বের দ্বিতীয় শীর্ষ মূল্যবান প্রতিষ্ঠান। গত রোববার নিজের স্ত্রীর সঙ্গে অবিশ্বস্ততার কথা অকপটে স্বীকার করেছেন হুয়াং।

তবে এনভিডিয়া জানিয়েছে, এ ঘটনার কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বা প্রতিষ্ঠানের কোনো বাণিজ্যিক গোপনীয়তা ফাঁস হয়েছে বলে মনে করার মতো কারণ নেই।

তবুও এই ঘটনাকে হালকাভাবে নিচ্ছে না এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। সিঙ্গাপুরভিত্তিক একটি ডেটা সেন্টার কোম্পানির সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর পর্ষদ একটি স্বাধীন তদন্ত শুরু করেছে। ৬৩ বছর বয়সী তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক জেনসেন হুয়াং কোনো বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তদন্তে তা খতিয়ে দেখা হচ্ছে।

এক বিবৃতিতে এনভিডিয়ার পর্ষদ বলেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তাকে পরিচালনা পর্ষদ সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। কারণ এটি প্রতিষ্ঠান এবং তার শেয়ারহোল্ডারদের স্বার্থের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এই তদন্তে পূর্ণ সমর্থন জানিয়েছেন।

এই খবর ছড়িয়ে পড়ার পরই শেয়ারবাজারে বড় ধাক্কা খেয়েছে এনভিডিয়া। বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ জাপানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চেয়েও বেশি বাজারমূল্য (সাড়ে চার লাখ কোটি ডলার) থাকা এনভিডিয়ার শেয়ারের দাম রোববারের পর চার শতাংশেরও বেশি কমে গেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আধিপত্য বিস্তারে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যখন তীব্র প্রতিযোগিতা চলছে, ঠিক তখনই এই বিতর্ক সামনে এল। কারণ জাতীয় নিরাপত্তার স্বার্থে ওয়াশিংটন চায় না এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ বেইজিংয়ের হাতে পৌঁছাক। এই প্রেক্ষাপটে পুরো ঘটনাটি বিস্তারিত জেনে নেওয়া যাক।

সম্পর্কের বিষয়ে কী জানা গেছে?

গত মাসের শেষের দিকে নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রথম এই বিষয়টি প্রকাশ্যে আসে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বিশ্বাস অনুযায়ী, এনভিডিয়ার প্রধান নির্বাহীর কাছ থেকে তথ্য সংগ্রহ করতে অ্যালিস হুয়াংকে কাজে লাগিয়েছিল বেইজিং। উদ্দেশ্য ছিল হুয়াংকে প্রভাবিত করে চীনের কাছে চিপ বিক্রির পথ সুগম করা।

তবে অ্যালিস হুয়াং ঠিক কী ধরনের তথ্য পেয়েছিলেন, কোনো সংবেদনশীল তথ্য বেইজিংয়ের কাছে পাচার হয়েছিল কি না কিংবা এই গোয়েন্দা তৎপরতা সম্পর্কে জেনসেন হুয়াং কতটুকু জানতেন, তা এখনো স্পষ্ট নয়। পদবিতে মিল থাকলেও জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াংয়ের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।

প্রযুক্তি খাতের বিভিন্ন আয়োজনে তাদের একসঙ্গে দেখা গেছে। এমনকি ২০২৫ সালে তাইওয়ানের তাইপেতে আয়োজিত ‘কম্পিউটেক্স’ প্রযুক্তি প্রদর্শনীর সময় জেনসেনের দেওয়া নৈশভোজেও অ্যালিস অংশ নিয়েছিলেন।

গত রোববার কর্মীদের কাছে পাঠানো চিঠিতে বৈবাহিক অবিশ্বস্ততার কথা স্বীকার করে হুয়াং বলেন, ‘আমি স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলাম। আমার কর্মকাণ্ডে আমার স্ত্রী ও সন্তানেরা কষ্ট পেয়েছে। আমি যা করেছি তার কোনো অজুহাত নেই। আমি আন্তরিকভাবে দুঃখিত।’

তবে গত অক্টোবরের শেষের দিকে ব্লুমবার্গ নিউজকে হুয়াং বলেছিলেন, অ্যালিসের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল শুধুই মেগাস্পিড কোম্পানি কেন্দ্রিক। তিনি সেটিকে একেবারেই স্বাভাবিক ও নিয়মিত ঘটনা হিসেবে বর্ণনা করেছিলেন।

কে এই অ্যালিস হুয়াং?

হুয়াং লে নামেও পরিচিত অ্যালিস একজন চীনা নাগরিক। তিনি সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘মেগাস্পিড ইন্টারন্যাশনাল’ এর সাবেক শীর্ষ নির্বাহী। এই প্রতিষ্ঠানটি মূলত এআই মডেল পরিচালনা ও প্রশিক্ষণের জন্য কম্পিউটিং অবকাঠামো সেবা দিয়ে থাকে।

নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, মেগাস্পিড এনভিডিয়ার অন্যতম বড় ক্রেতা হয়ে উঠেছিল। প্রতিষ্ঠানটি এনভিডিয়া থেকে প্রায় ৪৮০ কোটি ডলারের প্রযুক্তি সরঞ্জাম কিনেছিল।

চীনের একটি বিনিয়োগ ডেটাবেজে অ্যালিসের প্রোফাইল পাওয়া গেছে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি এর আগে এইচএসবিসিতে কাজ করেছেন। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি ও হুনান টিভিতে প্রতিবেদক হিসেবে কাজ করার অভিজ্ঞতাও তাঁর রয়েছে। তবে বার্তা সংস্থা এএফপি এই তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

গুপ্তচরবৃত্তির এই অভিযোগ নিয়ে অ্যালিস হুয়াং প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বর্তমানে তিনি কোথায় আছেন, তাও জানা যায়নি।

এনভিডিয়ার প্রতিক্রিয়া কেমন ছিল?

এনভিডিয়া এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য তাদের পরিচালক ও বাইরের আইনি বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছে। তারা খতিয়ে দেখছে প্রতিষ্ঠানটির প্রধান বিদেশি কোনো গোয়েন্দা তৎপরতার শিকার হয়েছিলেন কি না।

কোম্পানি জানিয়েছে, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো প্রমাণ তারা পায়নি। একই সঙ্গে জেনসেন হুয়াংয়ের নেতৃত্বের ওপর পর্ষদ তাদের পূর্ণ আস্থা প্রকাশ করেছে।

এনভিডিয়ার এমন বক্তব্য সত্ত্বেও বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় ডেরিভেটিভস ট্রেডিং প্রতিষ্ঠান আইজি গ্রুপের প্রধান বাজার বিশ্লেষক ক্রিস বিউচ্যাম্প আলজাজিরাকে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চিপ দুনিয়ায় হুয়াংয়ের যে একচ্ছত্র প্রভাব তৈরি হয়েছিল, এই ঘটনা তাতে বড় আঘাত হানল।

তিনি সতর্ক করে বলেন, এই ঘটনা যদি মার্কিন কংগ্রেসে বড় কোনো তদন্তে রূপ নেয়, তবে কোম্পানির শেয়ারের দরপতন আরও বাড়তে পারে। আর্থিক সংকটের অভিজ্ঞতা থেকে আমরা জানি, ঘরের ভেতরের কঙ্কাল খুঁজতে শুরু করলে সাধারণত তা পাওয়া যায়।

এই বিতর্কের জের ধরে দক্ষিণ কোরিয়ায় একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও সফর বাতিল করেছেন জেনসেন হুয়াংয়ের মেয়ে ম্যাডিসন হুয়াং। তিনিও এনভিডিয়ায় কর্মরত আছেন।

মার্কিন সরকার কী পদক্ষেপ নিচ্ছে?

যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা অমান্য করে চীনে এনভিডিয়ার উন্নত চিপ সরবরাহে সহায়তা করার অভিযোগে ২০২৪ সাল থেকেই মেগাস্পিডের ওপর নজর রাখছে মার্কিন কর্তৃপক্ষ। তবে জেনসেন বা অ্যালিসের বিরুদ্ধে এখনও কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি। বিষয়টি ওয়াশিংটনে তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে।

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সংসদ সদস্যরা আগামী ১৮ নভেম্বর কংগ্রেসে জেনসেন হুয়াংকে উপস্থিত হয়ে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। রিপাবলিকান আইনপ্রণেতা জন মুলেনার, ব্রায়ান মাস্ট এবং রিক ক্রফোর্ড এক বিবৃতিতে বলেছেন, জাতীয় নিরাপত্তা কতটা ঝুঁকির মুখে পড়েছে, তা বের করা কংগ্রেসের জন্য অত্যন্ত জরুরি।

একই সঙ্গে ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেনও এনভিডিয়ার কাছে ব্যাখ্যা চেয়েছেন। তিনি আরও কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছেন, যাতে যুক্তরাষ্ট্রের কোনো উন্নত প্রযুক্তি চীনের হাতে না যায়।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াংয়ের পাশে দাঁড়িয়েছেন। তিনি হুয়াংকে একজন সম্মানিত ব্যক্তি বলে আখ্যা দেন। গোয়েন্দা ব্রিফিং পাওয়ার পরেও হুয়াংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমি তেমনটা মনে করি না।’

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, চীনা গুপ্তচরবৃত্তির গল্প পুরোপুরি ভিত্তিহীন। এটি কেবল চীনকে অপবাদ দেওয়ার একটি অপচেষ্টা।

উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা বাণিজ্য নিয়ে ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে বিবেচিত জেনসেন হুয়াং দীর্ঘদিন ধরে চীনের ওপর আরোপিত চিপ নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে সওয়াল করে আসছিলেন।

যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক এবং এআই প্রতিযোগিতায় এর কী প্রভাব পড়বে?

এই কেলেঙ্কারি অত্যাধুনিক সেমিকন্ডাক্টর বা চিপ পাওয়ার ক্ষেত্রে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার উত্তেজনাকে নতুন করে উসকে দিতে পারে। কারণ স্মার্টফোন থেকে শুরু করে গাড়ি ও সামরিক সরঞ্জাম তৈরিতে এই চিপ অপরিহার্য।

এনভিডিয়া এই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের এআই মডেল চালানোর জন্য এনভিডিয়ার চিপ ব্যবহার করে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এআই নিরাপত্তা ও সুশাসন বিশেষজ্ঞ গবেষক ফজল বারেজ আল জাজিরাকে বলেন, এআই প্রযুক্তি এখন জাতীয় অর্থনীতি ও জিডিপির গতিপথ নির্ধারণ করছে। ফলে শুধু বাণিজ্যিক গোপনীয়তা নয়, ভূরাজনৈতিক স্বার্থেই উন্নত প্রযুক্তির সুরক্ষা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্র ইতিমধ্যে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে এনভিডিয়ার সবচেয়ে আধুনিক ‘ব্ল্যাকওয়েল জিপিইউ’ চিপ চীনে রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া বিদেশের মাটিতে কাজ করা চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

তবে গত ডিসেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্প এনভিডিয়াকে চীনে তাদের ‘এইচ২০০’ চিপ বিক্রির অনুমতি দেন, যা মার্কিন নিষেধাজ্ঞায় বড় ধরনের ছাড় ছিল। এটি এনভিডিয়ার শীর্ষ চিপ না হলেও আগে অনুমোদিত মডেলের চেয়ে প্রায় ছয় গুণ বেশি শক্তিশালী।

মেগাস্পিড নিয়ে নতুন বিতর্কের কারণে এখন বিদেশের ক্রেতাদের বিষয়ে নজরদারি বাড়াতে এবং চিপ রপ্তানির নিয়ম আরও কঠোর করতে ওয়াশিংটনের ওপর চাপ অনেক বেড়ে যাবে।

আইজি গ্রুপের বিশ্লেষক ক্রিস বিউচ্যাম্প মনে করেন, চীনের কাছে পণ্য বিক্রির ব্যাপারে হুয়াংয়ের যে আগ্রহ ছিল, তা এখন বড় ধরনের বাধার মুখে পড়ল। ফলে যুক্তরাষ্ট্র হয়তো সবচেয়ে জটিল চিপগুলোর রপ্তানি কঠোরভাবে সীমিত করবে। এর প্রতিক্রিয়ায় চীন নিজস্ব চিপ প্রযুক্তি তৈরিতে আরও বেশি জোর দেবে।

বর্তমানে যুক্তরাষ্ট্র এআই গবেষণায় চীনের চেয়ে বেসরকারিভাবে অনেক বেশি অর্থ বিনিয়োগ করছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, ২০২৫ সালে এই খাতে মার্কিন বেসরকারি বিনিয়োগ ছিল ২৮ হাজার ৫৯০ কোটি ডলার। বিপরীতে চীনে এই অঙ্ক ছিল মাত্র ১ হাজার ২৪০ কোটি ডলার।

এত বিধিনিষেধ সত্ত্বেও চীনা প্রতিষ্ঠানগুলো নিজেদের শক্তিমত্তা প্রমাণ করছে। চলতি বছরের জানুয়ারিতে চীনা স্টার্টআপ ‘ডিপসিক’ অত্যন্ত কম খরচে নিজেদের এআই মডেল উন্মোচন করে প্রযুক্তি বিশ্বকে নাড়িয়ে দেয়।

এছাড়া এআই প্রযুক্তির অন্য কিছু ক্ষেত্রে চীনের স্পষ্ট আধিপত্য রয়েছে। বিশেষ করে আধুনিক প্রযুক্তিতে ব্যবহৃত বিরল খনিজের (রেয়ার আর্থ) জোগানে চীন বিশ্বে শীর্ষে। পাশাপাশি এআই ডেটা সেন্টার পরিচালনার জন্য যে বিপুল পরিমাণ সাশ্রয়ী বিদ্যুতের প্রয়োজন হয়, সেখানেও এগিয়ে বেইজিং। কারণ চীন যুক্তরাষ্ট্রের চেয়ে দ্বিগুণেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করে।


প্রবন্ধ, নিবন্ধ, সাক্ষাৎকার ও প্রতিক্রিয়ায় প্রকাশিত মতামত লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণের প্রতিফলন। এগুলো এশিয়া পোস্টের সম্পাদকীয় নীতি বা অবস্থানের সঙ্গে সর্বদা মিল নাও থাকতে পারে। প্রকাশিত লেখায় উপস্থাপিত ব্যাখ্যা-বিশ্লেষণ, তথ্য-উপাত্ত এবং রাজনৈতিক, অর্থনৈতিক বা আইনগতসহ সংশ্লিষ্ট বিষয়সমূহের যথার্থতা ও মতামতের দায়িত্ব লেখকের নিজস্ব; এ বিষয়ে এশিয়া পোস্ট কর্তৃপক্ষের অবস্থান নিরপেক্ষ।]

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট