Advertisement

‘পুলিশের উদাসীনতায় নিষিদ্ধ ছাত্রলীগ সক্রিয় হওয়ার চেষ্টা করছে’

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
‘পুলিশের উদাসীনতায় নিষিদ্ধ ছাত্রলীগ সক্রিয় হওয়ার চেষ্টা করছে’
সিলেটে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ করে ছাত্রদল। ছবি: এশিয়া পোস্ট

‘নিষিদ্ধ ঘোষণার পরও সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একশ্রেণির কর্মকর্তার পরোক্ষ মদদ ও উদাসীনতার কারণেই নিষিদ্ধ সংগঠনটি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ছাত্রদল নেতারা অভিযোগ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এসব অভিযোগের কথা জানান ছাত্রদল নেতাকর্মীরা।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অবাধে মিছিল এবং সাংগঠনিক তৎপরতা বন্ধে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা এ অবস্থান কর্মসূচি পালন করে। শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচিতে বিপুল নেতাকর্মী অংশ নেন।

ছাত্রদলের কর্মসূচিকে ঘিরে কমিশনার কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হকের সঙ্গে বৈঠক করে তাদের দাবিগুলো তুলে ধরেন

বিক্ষুব্ধ ছাত্রদলের নেতারা বলেন, বিগত সরকারের আমলে সিলেটে সাধারণ শিক্ষার্থী ও জনগণের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেকেই এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তারা সিলেটে অবস্থানরত আওয়ামী লীগ ও ছাত্রলীগের অভিযুক্ত নেতাকর্মীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে পুলিশের কথিত নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন।

জানা যায়, শুক্রবার ভোরে নগরের টিবি গেট এলাকায় ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। এর আগে নগরের নবাবরোড ও কাজিটুলাসহ কয়েকটি জায়গায় মিছিল করে ছাত্রলীগ নেতাকর্মীরা। দিন দিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ছাত্রদল।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ছাত্রদলের পক্ষ থেকে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করা হলেও বাস্তবে পুলিশ নিষ্ক্রিয় নয়। কোনো তথ্য পাওয়া মাত্রই অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের সদস্যরা হঠাৎ করে ঝটিকা মিছিল করে দ্রুত সরে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। শুক্রবারের ঝটিকা মিছিলের ঘটনাতেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয় :সিলেট