Advertisement

স্পেনের সবকিছু নিয়েই চিন্তিত স্কালোনি

এশিয়া পোস্ট স্পোর্টস
স্পেনের সবকিছু নিয়েই চিন্তিত স্কালোনি
লিওনেল স্কালোনি। ছবি: রয়টার্স

বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনের কোন দিকটি সবচেয়ে বেশি ভাবাচ্ছে লিওনেল স্কালোনিকে? আর্জেন্টিনা কোচের উত্তর, প্রতিপক্ষের বাস হোটেল থেকে বের হওয়া থেকেই তার চিন্তা শুরু হবে।

কথাটা অবশ্য রসিকতা করেই বলেছেন স্কালোনি। তবে সেই রসিকতার আড়ালে স্পেনের শক্তির প্রতি তার সমীহটাও স্পষ্ট

নিউইয়র্কে ফাইনালপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘স্পেনের বাস হোটেল থেকে বেরোলেই আমি চিন্তিত হয়ে পড়ব। চেষ্টা করব বাসটাকে বেরোতে না দিতে। ওরা দুর্দান্ত দল, স্পেনের সবকিছুই আমাকে ভাবায়।’

রোববার স্থানীয় সময় নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সোমবার রাত ১টায়।

শিরোপা নির্ধারণী ম্যাচ হলেও প্রস্তুতির ধরন বদলাচ্ছেন না স্কালোনি। অন্য ম্যাচগুলোর মতোই প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে নিজেদের সেরা ফুটবল খেলতে চান তিনি।

স্কালোনি বলেন, ‘আমরা সব সময় যেভাবে প্রস্তুতি নিই, এবারও সেভাবেই নিচ্ছি। ভালো করার প্রবল ইচ্ছা আছে। আমাদের সেরা রূপটা দেখাতে হবে। এটা বিশ্বকাপ ফাইনাল, সেই ভাবনা মাথায় বেশি ঢুকতে দিচ্ছি না। তা হলে মনোযোগ অন্যদিকে চলে যেতে পারে।’

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট আর্জেন্টিনা কোচ। তার মতে, প্রতিপক্ষেরা এখন আর্জেন্টিনার খেলার ধরন ভালো করেই জানে। তারপরও টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছানো অর্জনটিকে আরও মূল্যবান করে তুলেছে।

স্কালোনির কোচিং দল গত ডিসেম্বর থেকেই সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে স্পেনকে বিশ্লেষণ করছে। বল দখলে রেখে খেলার ক্ষেত্রে দুই দলের মধ্যে কিছু মিলও দেখছেন তিনি। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব থাকলেও সেটি ফাইনালের প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রভাব ফেলবে না।

তিনি বলেন, ‘দে লা ফুয়েন্তে আমাকে ব্যক্তিগতভাবে চেনেন। আমরা বন্ধু। তার দল কীভাবে খেলে, সেটি আমরা জানি। আবার ওরাও জানে আমরা কীভাবে খেলি। বল পায়ে দুই দলের খেলার ধরনে কিছু মিল আছে।’

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর স্পেনের তুলনায় এক দিন কম বিশ্রাম পেয়েছে আর্জেন্টিনা। নিউ জার্সিতে পৌঁছাতেও রাত ১১টা বেজে যায় দলটির। সংবাদ সম্মেলনের কারণে শুক্রবারের অনুশীলনও সংক্ষিপ্ত করতে হয়েছে। তাই ডান প্রান্তের রক্ষণে কে খেলবেন, সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করেননি স্কালোনি।

মেসিকে নিয়েও আবেগী ছিলেন আর্জেন্টিনা কোচ। ৩৯ বছর বয়সে আরেকটি বিশ্বকাপ ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়া অধিনায়ককে তিনি আখ্যা দিয়েছেন ইতিহাসের অংশ হিসেবে।

স্কালোনি বলেন, ‘মেসি নিজেই ইতিহাস, একজন কিংবদন্তি। বিশ্বের দেখা সেরা ফুটবলার যখন মনে করে আমরা ইতিহাস তৈরি করছি, সেটি আমাকে গর্বিত করে। এই খেলোয়াড়েরা যা করেছে, একসময় তা কল্পনাও করা যেত না।’

ফাইনালই মেসির আর্জেন্টিনা কিংবা বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচ কি না, সেই প্রশ্নের উত্তর অবশ্য স্কালোনির জানা নেই। এ বিষয়ে অধিনায়কের সঙ্গে কোনো আলোচনাও হয়নি তার। তাই ভবিষ্যতের ভাবনায় না গিয়ে মেসিকে যত দিন পাওয়া যাচ্ছে, তত দিন উপভোগ করতে চান আর্জেন্টিনা কোচ।

কুসংস্কার থেকেও এবার দূরে স্কালোনি। কাতার বিশ্বকাপে একই জুতা পরার অভ্যাস ছিল তার। কিন্তু সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর সেই কুসংস্কার বাদ দেন। এবার তার ভরসা কেবল প্রস্তুতি এবং খেলোয়াড়দের ওপর।

স্পেনকে নিয়ে তাই রসিকতা করতে পারলেও কাজটা যে কত কঠিন, সেটি ভালোভাবেই জানেন স্কালোনি।