Advertisement

টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, থানায় অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, থানায় অভিযোগ
ছবি : সংগৃহীত

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও জীববৈচিত্র্যের আধার সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য প্রকাশের অভিযোগে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের বড়পাড়ার বাসিন্দা, থিয়েটার ও সংস্কৃতিকর্মী রায়হান আলীম তামিম সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এই অভিযোগ জমা দেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ‘মুহাম্মদ বদরুল আল মতাওহীদ’ নামের একটি ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে টাঙ্গুয়ার হাওরে ভাসমান একটি পর্যটকবাহী হাউসবোটের ছবি পোস্ট করে অত্যন্ত অশালীন ও আপত্তিকর ভাষা (ভাসমান জেনালয় অ্যান্ড পতিতালয়ের মর্গ) ব্যবহার করা হয়েছে। অভিযুক্ত মুহাম্মদ বদরুল আল মতাওহীদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। তবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সুনামগঞ্জের স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারীর দাবি, এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য টাঙ্গুয়ার হাওরের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি দেশ-বিদেশের পর্যটকদের মনে নেতিবাচক ধারণা তৈরি করবে।

অভিযোগে আরও বলা হয়, টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রামসার আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত জলাভূমি এবং দেশের শীর্ষস্থানীয় পর্যটন গন্তব্যগুলোর একটি। প্রতিবছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক এখানে ভ্রমণে আসেন। এই জলাভূমিকে কেন্দ্র করে স্থানীয় পর্যটন শিল্প, ব্যবসা-বাণিজ্য ও বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান গড়ে উঠেছে। ফলে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য এলাকার সুনাম ও অর্থনৈতিক খাতে বিরূপ প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে অভিযোগকারী রায়হান আলীম তামিম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো বিষয়ে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও কোনো জাতীয় গুরুত্বপূর্ণ স্থান বা সম্প্রদায়ের বিরুদ্ধে অশালীন ও অবমাননাকর মন্তব্য করা কখনোই গ্রহণযোগ্য নয়। টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জের সম্পদ নয়, এটি একটি রাষ্ট্রীয় সম্পত্তি। একে কেন্দ্র করে সুনামগঞ্জের পর্যটন খাত এগিয়ে যাচ্ছে। তাই এই ধরনের মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

লিখিত অভিযোগে সংশ্লিষ্ট ফেসবুক পোস্ট ও অ্যাকাউন্টের কার্যক্রম তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রামাণ্য দলিল হিসেবে অভিযোগের সঙ্গে বিতর্কিত পোস্টের স্ক্রিনশট, পোস্টের লিংক এবং সংশ্লিষ্ট ফেসবুক আইডির লিংক সংযুক্ত করা হয়েছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. আরিফ উল্লাহ জানান, টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে আপত্তিকর ও অশালীন মন্তব্য পোস্ট করার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।