Advertisement

বিদ্যুতায়িত দোকান স্পর্শ করে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

এশিয়া পোস্ট নিউজ, ঝিনাইদহ
বিদ্যুতায়িত দোকান স্পর্শ করে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
মানচিত্রে ঝিনাইদহ। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ড্রেন নির্মাণ কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী রাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মহেশপুর পৌর শহরের গ্রীনল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশে এ ঘটনা ঘটে।

শ্রী রাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের মিলন দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মহেশপুর পৌরসভায় কয়েকজন শ্রমিক ড্রেন নির্মাণের কাজ করছিলেন। শর্ট সার্কিটের মাধ্যমে ড্রেনের পাশে থাকা একটি দোকান বিদ্যুতায়িত হয়।

অসাবধানতাবশত ওই দোকানে স্পর্শ করেন শ্রী রাম। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।