বন্যায় লাশ ভাসিয়ে দেওয়ার পুরোনো ভিডিও চট্টগ্রামের দাবিতে প্রচার

‘চট্টগ্রামের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। লাশ দাফন করতে না পেরে কলা গাছের বেলায় করে লাশ ছেড়ে দিছেন অজানা উদ্দেশ্যে।’ এবং ‘মনেরেখ বাংলাদেশ, দেশে যখন নদীতে লাশ ভাসে, তারেক রহমান তখন তার স্ত্রী কে নিয়ে সেলফি তোলাতে ব্যস্ত।’ এ ধরনের ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হচ্ছে চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতিতে লাশ দাফন করতে না পেরে কলা গাছের ভেলায় লাশ ভাসিয়ে দেওয়ার দৃশ্য এটি।
এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক নয়। বরং কয়েক বছর আগের ভিডিও সাম্প্রতিক দাবি করে ছড়ানো হচ্ছে।
প্রচারিত ভিডিওটির একাধিক গুরুত্বপূর্ণ ফ্রেম রির্ভাস ইমেজ সার্চ করে দেখা গেছে, BitiK BaaZ নামের একটি ফেসবুক পেজে ২০২৪ সালের ২৫ আগস্ট পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে লিখা হয়, ‘ভয়াবহ বন্যায় খেয়াল রাখুন’। চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় এমন ঘটনা ঘটেছে দাবিতে প্রচারিত ভিডিওটির সঙ্গে এই ভিডিওটি মিলে যায়।
তবে পোস্টটির প্রথম কমেন্টে পেজ থেকে জানানো হয়,‘ফেনীর সাথে অনেকগুলা জেলা আজ ভয়াবহ বন্যায়। আপনাদের ভ্রমণ শেষ হলে একটু মন থেকে পারলে সাহায্য করেন। মানুষের অনেক সাহায্য দরকার, শুধু শুধু ঘুরতে আইসেন না।’ যা থেকে ধারণা করা যায়, এটি ২০২৪ সালের আগস্টের বন্যার ভিডিও।
এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে সে সময়, ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দাফন করতে না পেরে লাশ ভাসিয়ে দেওয়ার একাধিক ঘটনার সংবাদ পাওয়া যায়। যেখানে কুমিল্লা এবং ফেনী তে আলাদা দুটি ঘটনা রিপোর্ট করা হয়।
তবে কি-ওয়ার্ড সার্চে এক ব্যক্তির মরদেহ কলাগাছের ভেলায় ভাসিয়ে দূরের কবরস্থানে নিয়ে দাফন করার ঘটনার সংবাদ পাওয়া গেছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শুক্রবার (১০ জুলাই) দুপুরে এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অর্থাৎ, লাশ দাফন করতে না পেরে কলা গাছের ভেলায় লাশ ভাসিয়ে দেওয়ার ভিডিওটি ২০২৪ সালের কুমিল্লা-ফেনী অঞ্চলের বন্যার সময়ের। যা সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে।




