Advertisement

২৪ জুলাই, ‘দ্য ইন্ডিয়া স্টোরি: স্লো পয়জন ইন প্রগ্রেস’

এশিয়া পোস্ট বিনোদন
২৪ জুলাই, ‘দ্য ইন্ডিয়া স্টোরি: স্লো পয়জন ইন প্রগ্রেস’
‘দি ইন্ডিয়া স্টোরি: স্লো পয়জন ইন প্রগ্রেস’ সিনেমার পোস্টার।

কীটনাশকনির্ভর চাষাবাদের উদ্বেগজনক ক্ষতিকর প্রভাব এবং সমাজের ওপর এর সুদূরপ্রসারী সংকটকে মূল উপজীব্য করে নির্মিত হয়েছে বলিউড সিনেমা ‘দ্য ইন্ডিয়া স্টোরি: স্লো পয়জন ইন প্রগ্রেস’। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেইলার, যা ইতিমধ্যে দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

‘জি স্টুডিওস’-এর পরিবেশনায় এবং ‘এমআইজি প্রোডাকশন অ্যান্ড স্টুডিওস’-এর যৌথ উদ্যোগে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন চেতন ডিকে। ছবিটির কাহিনী রচনা ও প্রযোজনা করেছেন সাগর বি শিন্ডে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল এবং অভিনেতা শ্রেয়াস তালপাড়ে। আগামী ২৪ জুলাই, ২০২৬ তারিখে বিশ্বব্যাপী হিন্দি, তেলুগু এবং তামিল—এই তিনটি ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

গল্পে দেখা যাবে লাখ লাখ মানুষের জীবনকে প্রতিদিন বিষিয়ে তুলছে কৃষিতে রাসায়নিক ও কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার। এই নীরব সংকটকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে সিনেমাটির গল্প। ট্রেইলারে দেখা গেছে, সাহস, ন্যায়বিচার এবং ঘুরে দাঁড়ানোর এক রোমাঞ্চকর লড়াইয়ের আভাস, যা পর্দার পেছনের লুকিয়ে থাকা সত্যকে উন্মোচন করবে।

সিনেমাটিতে নিজের চরিত্র নিয়ে বেশ আশাবাদী অভিনেত্রী কাজল আগরওয়াল। তিনি বলেন, ‘এই সিনেমার অংশ হওয়াটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। সব প্রতিকূলতার মাঝেও আমার চরিত্রটি সত্যের পক্ষে লড়াই করে। এই অদম্য স্পৃহাই সিনেমাটিকে বিশেষ করে তুলেছে।’

অভিনেতা শ্রেয়াস তালপাড়ে নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘ট্রেইলারটি সিনেমার মূল আবেগকে দারুণভাবে ধারণ করেছে। এটি আশা এবং দৃঢ় সংকল্প নিয়ে একজন সাধারণ মানুষের অসাধারণ এক চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াইয়ের গল্প। আমার বিশ্বাস দর্শকরা এর মেসেজটি অনুধাবন করতে পারবেন।’