Advertisement

তরুণদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বামপন্থীদের: রুহিন হোসেন প্রিন্স

এশিয়া পোস্ট প্রতিবেদক
তরুণদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বামপন্থীদের: রুহিন হোসেন প্রিন্স
সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। ছবি: সংগৃহীত

তরুণদের সঙ্গে বামপন্থীদের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স।

তিনি বলেন, বামপন্থীদের ভাষা অনেক সময় তরুণদের কাছে সহজবোধ্য হয় না। একই সঙ্গে পুঁজিবাদী ব্যবস্থা মানুষকে লোভ ও ভয়ের ওপর দাঁড় করিয়ে তরুণদের বাম রাজনীতি থেকে দূরে সরিয়ে দিচ্ছে।

সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠান ‘আলাপন’ এ তিনি এসব কথা বলেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, একসময় তরুণরাই ছিল বামপন্থার প্রধান শক্তি। তবে বর্তমানে সমাজতান্ত্রিক বিশ্বের আগের মতো দৃশ্যমান শক্ত অবস্থান না থাকা, পুঁজিবাদী বিশ্বব্যবস্থার প্রভাব এবং প্রযুক্তির নেতিবাচক ব্যবহার তরুণদের প্রচলিত রাজনীতি থেকে দূরে সরিয়ে দিচ্ছে।

তিনি বলেন, তরুণদের কাছে পৌঁছাতে হলে বামপন্থীদের নিজেদের ভাষা ও কর্মপদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। তরুণদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে তাদের চিন্তা ও আকাঙ্ক্ষাকে বুঝতে হবে।

সিপিবির এই নেতা আরও বলেন, জুলাই অভ্যুত্থানে তরুণরা বৈষম্যমুক্ত সমাজের যে আকাঙ্ক্ষা তুলে ধরেছে, তা মূলত বামপন্থীদের দীর্ঘদিনের দাবির সঙ্গে সম্পর্কিত। তরুণরা রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হলে এবং বাম রাজনীতির ত্রুটিগুলো সংশোধন করা গেলে শোষণমুক্ত সমাজ গঠনের পথে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।